চবি রেলস্টেশনে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, দোকান কর্মচারী গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, সকাল ৬:৫২ সময়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ক্লাস শেষে ওই ছাত্রী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত মো. শাহিন শেখ তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন।ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় অবস্থিত একটি খাবারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।পরে ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ শাহিন শেখকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, "ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রেলওয়ে থানার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।"চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, "বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হচ্ছে।"