লিবিয়া উপকূলে মর্মান্তিক নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে নিখোঁজ ৫০
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, সকাল ৬:১৫ সময়
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে প্রায় ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌযান ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে নারী ও শিশুও ছিলেন বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।মঙ্গলবার (স্থানীয় সময়) পূর্ব লিবিয়ার টোবরুক শহরের কাছে বারদা দ্বীপসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানায়, নৌকাডুবির পর ১০ জন যাত্রী সাঁতরে বারদা দ্বীপে পৌঁছে প্রাণে রক্ষা পান। তবে বাকি ৫০ জনের এখনো কোনো সন্ধান মেলেনি।লিবিয়ার উপকূল দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের সহায়তায় ছোট ও অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এসব নৌযান প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।গত মাসেও পূর্ব লিবিয়ার উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হন। এ ধরনের দুর্ঘটনা ভূমধ্যসাগরীয় অভিবাসন সংকটের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে অন্তত ৮০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক; সবার লক্ষ্য ছিল ইউরোপে পৌঁছানো।সূত্র: এপি (AP)