বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (ইউএসএআরপিএসি)-এর যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রোববার সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়ার সূচনা হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এ মহড়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান উপস্থিত ছিলেন।মার্কিন রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, এই যৌথ প্রশিক্ষণ সামরিক পর্যায়ে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।অন্যদিকে, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই মহড়ার মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।আইএসপিআর জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। সেই ধারাবাহিকতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই ‘টাইগার লাইটনিং-২০২৬’ আয়োজন করা হয়েছে।এবারের মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের ৯৩ জন, মোট ১৮৪ জন সেনাসদস্য অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল (স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানস), ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার, এসআইঅ্যান্ডটির কমান্ড্যান্ট, উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কূটনীতিক, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।