জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, একই রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ এবং গণভোটকে অবৈধ বলা যুক্তিসঙ্গত নয়। তার ভাষায়, "যে আদেশের ভিত্তিতে একই সঙ্গে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই আদেশে নির্বাচন বৈধ হলে গণভোট কীভাবে অবৈধ হয়? এক মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই যমজ সন্তানের একজন বৈধ আর অন্যজন অবৈধ হতে পারে না।"সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি গণভোটকে অবৈধ বলেন, তাহলে একই প্রক্রিয়ায় গঠিত সরকারও বৈধতার প্রশ্নে পড়বে। তিনি বলেন, "গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, প্রধানমন্ত্রীও অবৈধ এবং বিএনপি সরকারও অবৈধ। তাই এ ধরনের বক্তব্য দেওয়ার আগে ভেবে-চিন্তে বলা উচিত।"তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোটার বিএনপিকে সমর্থন দিলেও গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার পক্ষে রায় দিয়েছেন।সংবিধানের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনেই সংবিধান। জনগণের ইচ্ছার ঊর্ধ্বে সংবিধান হতে পারে না। তিনি বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কোনো সংবিধান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়।"ব্যাংক খাত নিয়ে অভিযোগ তুলে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ সরকার যেমন এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল, বিএনপিও একই পথে হাঁটছে। তার অভিযোগ, এস আলমের আত্মীয়দের মাধ্যমে আবারও ইসলামী ব্যাংকে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে এস আলমের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, অথচ এখন রাজনৈতিক সমঝোতার কারণে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে।বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাশেদ খাঁন এবং গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকীরও সমালোচনা করেন সারজিস আলম। তিনি অভিযোগ করেন, একসময় যারা সংস্কারের পক্ষে ছিলেন, তারা এখন ক্ষমতার লোভে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন।পঞ্চগড়ে ছাত্রলীগের এক নেতার জামিন প্রসঙ্গ তুলে বিচার বিভাগ ও প্রশাসনের উদ্দেশে কঠোর হুঁশিয়ারিও দেন তিনি। সারজিস আলম বলেন, প্রশাসন ও বিচার বিভাগের যেসব কর্মকর্তা দলীয় প্রভাব নিয়ে কাজ করবেন, ভবিষ্যতে তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে।তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "আওয়ামী লীগ ছিল, এখন নেই। বিএনপি আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু জনগণ ও রাষ্ট্র সবসময় থাকবে। তাই কোনো দলের নয়, জনগণের স্বার্থে দায়িত্ব পালন করুন।"পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য নেতারা।