২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, আর সর্বোচ্চ সরকারি প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ প্যাকেজ ঘোষণা করেন। এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।ধর্মমন্ত্রী জানান, সরকারি হজ প্যাকেজ-১-এ হজযাত্রীরা মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় তাদের তাঁবুর অবস্থান হবে জোন-২-এ এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ-৩-এর আওতায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের সম্ভাব্য সময় ৩৫ থেকে ৪০ দিন। প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।তিনি আরও জানান, অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড ও স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও গ্রহণ করা যাবে।সরকারি হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) সম্পর্কে ধর্মমন্ত্রী বলেন, এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান হবে জোন-৫-এ এবং মিনা-আরাফায় একইভাবে সার্ভিস প্যাকেজ-৩ অনুযায়ী খাবারের ব্যবস্থা করা হবে।তিনি বলেন, হোটেলের অবস্থান যদি দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাস সুবিধা নিশ্চিত করা হবে। এ সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ‘সাধারণ হজ প্যাকেজ’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। পাশাপাশি হজ এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত তিনটি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও জানান ধর্মমন্ত্রী।