পৃথিবীর কক্ষপথে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) দ্রুত বৃদ্ধি পাওয়ায় মহাকাশে সংঘর্ষের ঝুঁকি এবং বিপজ্জনক মহাকাশ বর্জ্য তৈরির আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্যাটেলাইট পরিচালনায় নতুন নিয়ম অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। তবে এ সিদ্ধান্তকে ঘিরে দেশটির সরকারি সংস্থাগুলোর মধ্যে এখতিয়ার নিয়ে বিতর্কও শুরু হয়েছে।বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় ও নিষ্ক্রিয় মিলিয়ে ১৮ হাজারেরও বেশি স্যাটেলাইট রয়েছে। গত ছয় বছরে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর বেশিরভাগই নিম্ন-পৃথিবীর কক্ষপথে (Low Earth Orbit) অবস্থান করায় সেখানে স্যাটেলাইটের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কোনো সংঘর্ষ ঘটলে বিপুল পরিমাণ মহাকাশ বর্জ্য তৈরি হয়ে ভবিষ্যতে কক্ষপথ ব্যবহারে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে।এই ঝুঁকি কমাতে এফসিসি সর্বসম্মতিক্রমে নতুন নীতিমালা অনুমোদন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে রিয়েল-টাইম অবস্থানসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভাগাভাগি করতে হবে। এতদিন বাণিজ্যিক গোপনীয়তার অজুহাতে অনেক প্রতিষ্ঠান এ ধরনের তথ্য প্রকাশে অনাগ্রহী ছিল।তবে এফসিসির এই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, সংস্থাটির মূল দায়িত্ব বেতার তরঙ্গ ব্যবস্থাপনা; মহাকাশ ট্রাফিক বা কক্ষপথ নিরাপত্তা নিয়ন্ত্রণ তাদের আইনি এখতিয়ারের মধ্যে পড়ে না। মার্কিন কংগ্রেসের একটি অংশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করে, এ দায়িত্ব দেশটির বাণিজ্য বিভাগের অধীনেই থাকা উচিত।এ বিষয়ে মার্কিন হাউস সায়েন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সদস্য ব্রায়ান বাবিন এবং ডেমোক্রেট সদস্য জো লফগ্রেন যৌথভাবে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কারকে ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন। তাদের দাবি, মহাকাশ ট্রাফিক ব্যবস্থাপনায় এফসিসির স্পষ্ট আইনি কর্তৃত্ব নেই। তবে সেই আপত্তি সত্ত্বেও সংস্থাটি নতুন নীতিমালা কার্যকরের সিদ্ধান্ত বহাল রেখেছে।এদিকে মহাকাশ শিল্পের দ্রুত সম্প্রসারণের কারণে এ ধরনের নীতিমালার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। স্পেসএক্স, ওয়ানওয়েব এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠান হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে। এর মধ্যে স্পেসএক্স ভবিষ্যতে অরবিটাল ডেটা সেন্টারের জন্য প্রায় ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করেছে।স্যাটেলাইট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রধান টম স্ট্রুপ বলেন, মহাকাশের স্থায়িত্ব রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। অন্যদিকে স্পেস ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘লিওল্যাবস’-এর কারিগরি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মার্শের মতে, টেলিস্কোপ ও রাডারের সীমাবদ্ধতার কারণে স্যাটেলাইট পরিচালনাকারী কোম্পানিগুলোর কাছ থেকে সময়মতো সঠিক ট্র্যাকিং তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মহাকাশে একটি দুর্ঘটনার প্রভাব সব ব্যবহারকারীর ওপরই পড়ে।শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এফসিসির নতুন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। ট্র্যাকিং সংক্রান্ত নিয়মের পাশাপাশি প্রায় দুই হাজার পৃষ্ঠার একটি বিস্তৃত সংস্কার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে, যা স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ব্যয়-সাশ্রয়ী করবে।নতুন নীতিমালায় দীর্ঘদিনের জটিল ও আমলাতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে ‘পারফরম্যান্স-ভিত্তিক’ ব্যবস্থা চালু করা হচ্ছে। স্পেসএক্সের সাবেক সিনিয়র ম্যানেজার এবং ‘ইক্লিপস স্পেস’-এর প্রতিষ্ঠাতা ডেরেক হুয়ের্তা বলেন, আগে একটি পরীক্ষামূলক ছোট স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন পেতে এক বছরেরও বেশি সময় লাগত। পাশাপাশি ১ কোটি ডলারের বন্ড জমা দিতে হতো, যা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা ছিল। নতুন নিয়ম কার্যকর হলে এসব প্রতিবন্ধকতা দূর হবে এবং মহাকাশ খাতে নতুন স্টার্টআপগুলোর জন্য সুযোগ আরও বিস্তৃত হবে।