বরিশাল সদর উপজেলার কৃষি প্রণোদনা কর্মসূচির একটি সরকারি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। দীর্ঘ সময় অপেক্ষা করেও তাকে না পেয়ে অনেক কৃষক অনুষ্ঠানস্থল ছেড়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় উপস্থিত কৃষক ও আয়োজকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজক সূত্র জানায়, সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সকাল ৮টা থেকেই সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৩৫০ থেকে ৪০০ জন কৃষক উপজেলা পরিষদে উপস্থিত হন। পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান অতিথি না আসায় সবাই অপেক্ষা করতে থাকেন। অবশেষে দুপুর ২টা ৪৬ মিনিটে অনুষ্ঠানে পৌঁছান সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এর আগেই দীর্ঘ অপেক্ষায় বিরক্ত হয়ে অনেক কৃষক বাড়ি ফিরে যান।দীর্ঘ সময় অপেক্ষার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন চরবাড়িয়া ইউনিয়নের কৃষক সেকান্দার আকন, মো. সুরুজ, বাবুল আকন, সফিকুল ইসলাম ও মো. আরাফাত। তারা বলেন, সকাল ৯টা থেকে বসিয়ে রেখে পাঁচ থেকে ছয় ঘণ্টা অপেক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কৃষক আতাউল বলেন, “আমরা দিন এনে দিন খাই। কয়েকশ টাকার কৃষি উপকরণ নিতে এসে পুরো একটি কর্মদিবস নষ্ট হয়ে গেল।”অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষি কর্মকর্তা জানান, অনুষ্ঠানটি আগে থেকেই নির্ধারিত ছিল। সকাল থেকেই সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসছেন বলে জানানো হয়। কিন্তু দীর্ঘ অপেক্ষার কারণে কৃষকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে।এক কর্মকর্তা বলেন, “কৃষকরা কাজ ফেলে এসেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকে ফিরে গেছেন।”উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, এর আগের দিন বরিশাল জিলা স্কুলে অনুষ্ঠিত প্রথম বার্ষিক মেধা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে শুরু হয়। তাদের দাবি, সংসদ সদস্যের অনুষ্ঠানে দেরিতে উপস্থিত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, বয়সজনিত কারণে সময় মেনে চলতে সমস্যা হতে পারে। তবে জনভোগান্তি এড়াতে এ বিষয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন।এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।অভিযোগের বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।