শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন।শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন এ তথ্য জানান।তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৪টা ৫১ মিনিটে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।স্পিকার জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মধ্যেই অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা এবং শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া থাকে। একইভাবে ডেপুটি স্পিকারও এ ধরনের সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করেন।রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা-সমালোচনার প্রসঙ্গ উল্লেখ করে স্পিকার বলেন, “আজ দুপুর থেকে নানা ধরনের আলোচনা শুনছি। তবে প্রকৃত বিষয় হলো, তিনি সম্পূর্ণ শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন।”তিনি আরও বলেন, “তিনি আগের সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”