গোসলের গোপন ভিডিও ধারণ, ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবক কারাগারে
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, রাত ২:৫৮ সময়
রংপুর মহানগরের হারাগাছ থানার একটি এলাকায় এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণ করে তাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম ওরফে মোকা (২০)।মামলার তদন্তকারী কর্মকর্তা হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে এমদাদুল হকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমদাদুল পুলিশকে জানান, তিনি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে ওই ভিডিও সংগ্রহ করেছিলেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোকারেমকেও আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে মোকারেম স্বীকার করেন, প্রায় সাত মাস আগে ভুক্তভোগী নারী নিজ বাড়ির ওয়াশরুমে গোসল করার সময় তিনি গোপনে ভিডিওটি ধারণ করেন।রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।