মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান পরিচালনা করেন ওই চার কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।অভিযোগ রয়েছে, জব্দ করা আলামত থানায় না নিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নেওয়া হয়। সেখানে বৈঠকের মাধ্যমে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ও প্রাইভেটকার ছেড়ে দেওয়া হয়। পরে বৈঠকস্থলের সিসিটিভি ফুটেজ সামনে এলে ঘটনাটি জানাজানি হয়।এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।