ট্রাস্টি বোর্ডের বিরোধকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের দাবিদার চেয়ারম্যান পুষ্টিবিদ মো. আলীম উদ্দিন লস্কর। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় অনিয়ম, আর্থিক দুর্নীতি ও বিশ্ববিদ্যালয় দখলের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বরে (মুক্তমঞ্চ) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনের শেষ দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা-কর্মী সেখানে উপস্থিত হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ব্যানার ছিঁড়ে ফেলা হলে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় দ্য ফার্স্ট ক্যাপিটাল এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা দ্রুত স্থান ত্যাগ করেন। তবে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।লিখিত বক্তব্যে আলীম উদ্দিন লস্কর জানান, দ্য ফার্স্ট ক্যাপিটাল এডুকেশন, হেলথ অ্যান্ড এগ্রিকালচার ওয়েলফেয়ার ট্রাস্ট ২০১১ সালে গঠিত হয়। এর লক্ষ্য ছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ডিপ্লোমা কলেজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন সোলায়মান হক জোয়ার্দার ছেলুন (চেয়ারম্যান), আলী ইকবাল জোয়ার্দার (ভাইস চেয়ারম্যান), অধ্যাপক আব্দুল মোতালেব (সেক্রেটারি), আলীম উদ্দিন লস্কর (ট্রেজারার)সহ আরও কয়েকজন সদস্য। এই ট্রাস্টের মাধ্যমেই শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানো হয়।তিনি অভিযোগ করেন, ২০১৪ সালের শেষ দিকে প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের পরিবর্তে সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার শান্ত ও রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনের পরামর্শে প্রতিষ্ঠাতা সদস্যদের স্বাক্ষর স্ক্যান করে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে মিথ্যা তথ্য উপস্থাপন করে বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হয়।এ ছাড়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দারের মৃত্যুর পর ট্রাস্টের ব্যাংক হিসাব স্থগিত হয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যক্তিগত হিসাবে রেখে তা অবৈধভাবে ব্যয় ও আত্মসাতের অভিযোগও করেন তিনি। এসব বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেন আলীম উদ্দিন লস্কর।তার ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে চেয়ারম্যান দেখিয়ে তাঁর ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটনের নেতৃত্বে পরিবারের সদস্যদের নিয়ে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাস্ট নামে নতুন একটি ট্রাস্ট গঠন করা হয়। ওই ট্রাস্টের মাধ্যমে ২০১২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি কার্যত দখল করা হয়েছে বলেও তিনি দাবি করেন।তিনি আরও জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুর পর ২০২৫ সালে প্রতিষ্ঠাতা ট্রাস্ট পুনর্গঠন করা হয়। এতে তাকে চেয়ারম্যান এবং আব্দুর রাজ্জাককে সেক্রেটারি করা হয়। অন্যদিকে ২০১৫ সালে গঠিত ট্রাস্টে চেয়ারম্যান হন আক্তারী জোয়ার্দার এবং সেক্রেটারি হন রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।আলীম উদ্দিন লস্করের দাবি, গত ২১ জুলাই ২০২৬ প্রতিষ্ঠাতা ট্রাস্টের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এরপর প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের কক্ষ পুনরুদ্ধার, তাঁর ব্যবহৃত চেয়ার সংরক্ষণ, নতুন উপাচার্য নিয়োগের উদ্যোগ, বিভিন্ন বিভাগে অধ্যাপক নিয়োগ, জনবল সংকট নিরসন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়ে কার্যক্রম শুরু করা হয়।তিনি অভিযোগ করেন, এসব উদ্যোগের পরও গত ২৩ জুলাই ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার শান্ত রাজনৈতিক স্লোগানধারী বহিরাগতদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নন। বরং ২০১৫ সালে নতুন ট্রাস্ট গঠন এবং বিশ্ববিদ্যালয় দখল প্রক্রিয়ার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন তিনি এবং নাফিউল ইসলাম জোয়ার্দার শান্ত। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তোলেন আলীম উদ্দিন লস্কর।তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু, প্রশাসনিক জটিলতার নিরপেক্ষ তদন্ত এবং প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ডের অধীনে বিশ্ববিদ্যালয় পরিচালনার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।উল্লেখ্য, ট্রাস্টি বোর্ডের বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে উভয় পক্ষ পৃথকভাবে সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্য দিয়ে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং চুয়াডাঙ্গাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।