দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাতে আগামী সোমবার রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাতে এ তথ্য জানা গেছে।মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি শুরু থেকেই তিনি সমর্থন জানিয়ে আসছেন। তিনি লিখেছেন, “আমি শুরু থেকেই শিক্ষার্থীদের এবং তাদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। তাদের এই লড়াই শুধু নিট কেলেঙ্কারিতে ন্যায়বিচারের জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার লড়াই। গোটা বিরোধী শিবির এবং দেশের মানুষ আমাদের শিক্ষার্থী ও তরুণদের পাশে রয়েছে।”দিল্লিতে চলমান এ আন্দোলন ইতোমধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার কৌশল হিসেবেও বিবেচিত হতে পারে। বিশেষ করে সংসদ ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক বিভিন্ন চ্যালেঞ্জের পর দলটির সক্রিয় ভূমিকার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে, মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের অভিমুখে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস। ওই কর্মসূচিতে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পবন খেরা, পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, দীপেন্দর হুডা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারসহ দলটির শীর্ষ নেতারা অংশ নেন।এবার দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নিতে তৃণমূল কংগ্রেসও যোগ দিচ্ছে বলে জানা গেছে।সূত্র: হিন্দুস্তান টাইমস।