কাস্পিয়ান সাগরের দক্ষিণাঞ্চলে ইরানের জলসীমায় ইউক্রেনের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছে ইরান।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, কাস্পিয়ান সাগর এলাকায় এ ধরনের হামলার ঘটনা এবারই প্রথম। ভবিষ্যতে এ ধরনের হামলা পুনরাবৃত্তির আশঙ্কা থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায়।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছে। তাদের দাবি, কাস্পিয়ান সাগরে সংঘটিত এ হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।পৃথক এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর ভূমিকা নেওয়া ও আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানান।এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের এই পদক্ষেপকে দেশটির বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ আচরণ’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে।বিশ্লেষকদের মতে, এমন সময় এ ঘটনা ঘটল যখন মার্কিন নৌ-অবরোধের কারণে ইরানের সামুদ্রিক বাণিজ্য ইতোমধ্যেই ব্যাপক চাপের মুখে রয়েছে। এ অবস্থায় কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার অভিযোগ দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।