দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির ঘটনায় জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন, সরকার জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে মাইক্রোপ্লাস্টিকের সমস্যা শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি ব্যাপক পরিবেশগত ও স্বাস্থ্যগত সংকট। টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন উৎস থেকে উৎপন্ন মাইক্রোপ্লাস্টিক খাদ্য, পানি ও পরিবেশে ছড়িয়ে পড়ছে।তিনি আরও বলেন, এ সমস্যা মোকাবিলায় বিচ্ছিন্ন নয়, বরং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু টুথপেস্ট বা একটি নির্দিষ্ট পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তবে যেহেতু পরীক্ষায় উল্লেখযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।জাহেদ উর রহমান বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা দিন দিন বাড়ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থ রক্ষায় অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, ২৬টি নমুনায়—অর্থাৎ প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশে—মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণার অস্তিত্ব শনাক্ত হয়েছে।