এক মাসের বেতন দান করলেন সাংবাদিক এম আবদুল্লাহ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পেল এক লাখ টাকা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, দুপুর ১:৪৩ সময়
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে সহায়তা করতে এক লাখ টাকা অনুদান দিয়েছেন আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টসের (বিএজে) সভাপতি এম আবদুল্লাহ।মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে ফাউন্ডেশনের প্রতিনিধিদের হাতে এ অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন তিনি। ফাউন্ডেশনের পক্ষে অনুদান গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, জুলাই শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়ের মা সামসি আরা জামান এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের সিনিয়র অফিসার মো. হারুন-অর-রশিদ।এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক এম এম কায়সার এবং স্টাফ রিপোর্টার মাহমুদ আশিকসহ অন্যরা।জানা গেছে, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। তবে গত পাঁচ মাস ধরে আর্থিক সংকটের কারণে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি নানা ধরনের আর্থিক সংকট মোকাবিলা করছে।ফাউন্ডেশনের থিম সং প্রকাশ অনুষ্ঠানে আর্থিক সংকটের বিষয়টি জানতে পেরে এম আবদুল্লাহ নিজের এক মাসের বেতন অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেন। সেই ঘোষণার অংশ হিসেবে মঙ্গলবার তিনি এক লাখ টাকার অনুদান ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন।অনুদান প্রদানকালে এম আবদুল্লাহ জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।ফাউন্ডেশনের পক্ষ থেকে সামসি আরা জামান এ সহযোগিতার জন্য এম আবদুল্লাহ এবং আমার দেশ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।