দীর্ঘদিন পর আবারও একই নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা। রাফাত মজুমদার রিংকুর পরিচালনা এবং অর্ক মোস্তফার রচনায় নির্মিত ‘তোমায় দিলাম ছুটি’ নাটকে জুটি বেঁধে দেখা যাবে এই দুই গুণী শিল্পীকে।দীর্ঘ বিরতির পর আজিজুল হাকিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে গোলাম ফরিদা ছন্দা বলেন, “অনেক দিন পর হাকিম ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। তিনি এখনো আগের মতোই অভিনয়ে অত্যন্ত নিবেদিত। নিজের চরিত্র নিয়ে তার সার্বক্ষণিক ভাবনা আমাকে মুগ্ধ করে। এই নাটকে কাজটি আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকদেরও ভালো লাগবে।”বর্তমানে ছন্দা দীপ্ত টিভিতে প্রচারিত সাজ্জাদ সুমনের ‘খুশবু’ নাটকে অভিনয় করছেন। এছাড়া শিগগিরই প্রচারে আসছে ভিকি জাহেদের পরিচালনায় ‘আমাদের নীল বাড়ি’ এবং হাসান রেজাউলের পরিচালনায় ‘এরই নাম সংসার’ শিরোনামের দুটি ধারাবাহিক নাটক।অন্যদিকে, দীর্ঘদিন পর ছন্দার সঙ্গে আবারও কাজ করার অনুভূতি প্রকাশ করে আজিজুল হাকিম বলেন, “একটা সময় ছন্দার সঙ্গে নিয়মিত কাজ হতো। এরপর দীর্ঘ বিরতি ছিল। আবার একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এখন দর্শক পারিবারিক গল্পভিত্তিক নাটকের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন, যা আমাদের জন্য ইতিবাচক দিক।”টেলিভিশন নাটকে আগের তুলনায় কম নিয়মিত হলেও পেশাদার অভিনেত্রী হিসেবে গোলাম ফরিদা ছন্দা এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন। নির্মাতাদের প্রত্যাশা, পারিবারিক আবহে নির্মিত ‘তোমায় দিলাম ছুটি’ নাটকটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে।