বৈদেশিক লেনদেনকে আরও আধুনিক, নিরাপদ ও সহজ করতে ব্যাংকভিত্তিক নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যবস্থার মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বহির্মুখী (আউটওয়ার্ড) রেমিট্যান্স সেবা পরিচালনা করতে পারবে।বুধবার (২৯ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) হিসেবে উল্লেখ করা হয়েছে।নতুন কাঠামোর আওতায় চালু হবে ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ), যা ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে ব্যবহৃত হবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর অধীনে পরিচালিত হবে।এই ডিভিএ ব্যবহার করে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। পাশাপাশি সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি (আইটি) সেবার বিল, ভিসা ফি, হোটেল বুকিং এবং অন্যান্য অনুমোদিত সেবার অর্থও পরিশোধ করা সম্ভব হবে। নির্ধারিত সীমার মধ্যে আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মেও এ অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করা যাবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও এ সুবিধা গ্রহণ করা যাবে। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।খাতসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আনুষ্ঠানিক ব্যাংকিং খাতের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণেই সীমাবদ্ধ ছিল। নতুন ফ্রেমওয়ার্ক কার্যকর হলে বৈদেশিক ডিজিটাল লেনদেনের পরিধি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।