রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে দুই হাত বাড়িয়ে নির্মল হাসিতে তাকিয়ে থাকা এক কিশোরের ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। হাজারো শিশুর ভিড়ে সেই হাসিমাখা মুখটি ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়। সেই কিশোরই তাহসিন আব্দুল্লাহ। আর এবার সে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন। এ সময় প্রধানমন্ত্রী তার খোঁজখবর নেন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন এবং স্বপ্ন পূরণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।তবে ভাইরাল সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক বেদনাবিধুর স্মৃতি। ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারায় তার বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন তারা দুটি আলাদা ভবনে ছিল। তাহসিন তখন ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। যুদ্ধবিমানটি আছড়ে পড়ে তাসনিয়াদের ভবনে।বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন ছুটে যায় বোনকে খুঁজতে। আহতদের জন্য স্যালাইন ও পানির প্রয়োজন—এমন কথা শুনে দুই হাতে স্যালাইন ও পানির বোতল নিয়ে অপেক্ষা করেছিল সে। কিন্তু সেই অপেক্ষার আর অবসান হয়নি।পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই দুর্ঘটনার পর থেকেই বদলে যায় তাহসিন। এক হিলিং সেশনে নিজের অনুভূতি লিখতে গিয়ে সে লিখেছিল, “আমার কষ্ট অনেক। আমি আমার প্রিয় বোনকে হারিয়ে ফেলেছি। সে মারা গেছে। ওকে আমি অনেক অনেক মিস করি। ও আমার বেস্ট ফ্রেন্ড।” এরপর থেকে তার মুখে আগের মতো প্রাণখোলা হাসি খুব কমই দেখা যেত।গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠ প্রদক্ষিণ করার সময় উচ্ছ্বাসে ভরে ওঠে তাহসিন। সেই নির্মল হাসি ও আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয় এবং পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।পরে প্রধানমন্ত্রী জানতে পারেন, হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয়বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।বর্তমানে তাহসিন সপ্তম শ্রেণিতে অধ্যয়ন করছে। পরিবারে তার নার্সারিতে পড়ুয়া আরও একটি ছোট বোন রয়েছে।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং বড় হয়ে কী হতে চায়—সেটিও জানতে চান। জবাবে তাহসিন জানায়, সে একজন সফল ব্যবসায়ী হতে চায়। পাশাপাশি এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং নিজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং একটি ড্রোন সেট তাহসিনের হাতে উপহার হিসেবে তুলে দেন।পরে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন সুযোগ পাবে, তা কখনও কল্পনাও করেনি। পুরো বিষয়টিই তার কাছে ছিল এক আনন্দঘন চমক। সে জানায়, স্কুলে গিয়ে বন্ধুদের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শোনাতে মুখিয়ে রয়েছে।তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। ফলে তার কোনো ধরনের অস্বস্তি বা নার্ভাস লাগেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগও হয় তার। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তার কাছে দারুণ লেগেছে। বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তোলে সে।এ সময় মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবা নাজমুল হকের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।