গাজায় যুদ্ধের ভয়াবহতা: বাবা-মায়ের একজন বা উভয়কে হারিয়ে এতিম ৬০ হাজারের বেশি শিশু
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, দুপুর ২:৩ সময়
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে ৬০ হাজারেরও বেশি শিশু বাবা অথবা মায়ের একজনকে হারিয়ে এতিম হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে মোট ৬০ হাজার ৭৩৭ জন শিশু তাদের মা-বাবার অন্তত একজনকে হারিয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু বাবাকে, ৫ হাজার ৯২৯ জন শিশু মাকে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা-মা উভয়কেই হারিয়ে সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টানা যুদ্ধ ও হামলায় ২ হাজার ২৭৬টি পরিবার সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল ৮ হাজার ৮৫৮ জন। পরিবারের সব সদস্য নিহত হওয়ায় সরকারি সিভিল রেজিস্ট্রি থেকে তাদের পুরো বংশের অস্তিত্বই মুছে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির একটি সমঝোতা হলেও ইসরায়েলি বাহিনীর অভিযান পুরোপুরি বন্ধ হয়নি। ওই সমঝোতার পরও ধারাবাহিক হামলায় গাজায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।সূত্র: আল জাজিরা।