দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের নগদবিহীন অর্থ পরিশোধ ব্যবস্থায় যুক্ত করতে ১০০ কোটি টাকার বিশেষ ভর্তুকি তহবিল গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল লেনদেনের চার্জে ভর্তুকি দেওয়া হবে।বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কোন ধরনের মার্চেন্ট কী পরিমাণ ভর্তুকি পাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ লক্ষ্যে শিগগিরই একটি নীতিমালা জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।সভা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা প্রণয়নের আগে বাংলা কিউআরের (Bangla QR) সাম্প্রতিক লেনদেন বিশ্লেষণ করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ফুটপাতের দোকানি, ভ্রাম্যমাণ বিক্রেতা, ভ্যানচালিত ব্যবসায়ীসহ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।তবে সুবিধার অপব্যবহার রোধে কঠোর শর্ত আরোপ করা হবে। মার্চেন্ট পয়েন্টে কেবল পণ্য বা সেবার মূল্য পরিশোধের জন্যই ডিজিটাল লেনদেন করা যাবে। অন্য কোনো উদ্দেশ্যে ক্যাশ আউটের সুযোগ থাকবে না। এ নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট মার্চেন্টের বাংলা কিউআর সুবিধা বাতিল করা হবে।এদিকে একই বৈঠকে সম্মিলিত ইসলামী ব্যাংক-সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাংকটির গ্রাহকদের নিজেদের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এ ছাড়া পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ব্যাংক কাঠামো থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে। প্রথম ধাপে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে। এরপর পর্যায়ক্রমে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও প্রশাসক প্রত্যাহার করা হবে।