যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
প্রথম দর্পণ, আন্তর্জাতিক ডেস্ক||
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, সকাল ৪:২৮ সময়
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন ঘটেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত থাকলেও তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা অনেকটাই কমেছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হচ্ছে।চলতি সপ্তাহজুড়ে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল। পাঁচ মাস ধরে চলমান সংঘাতের মধ্যে এটি ছিল অন্যতম বড় মূল্যবৃদ্ধির ঘটনা।এর আগে মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে যায়। তবে পরবর্তী রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির পরিবর্তনের কারণে বাজারে আবারও মূল্যবৃদ্ধি দেখা দেয়।এদিকে, বাজারে সাময়িক স্বস্তি ফিরলেও মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। মার্কিন সময় বুধবার দিবাগত রাতে ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশ ও একাধিক দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও গুরুত্বপূর্ণ শিপিং রুট সচল থাকায় আপাতত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী রয়েছে।