নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় টেকনিক্যাল কলেজের শিক্ষক নিহত
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, সকাল ৬:১৭ সময়
নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত আ. ত. ম. ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন ইউসুফ। পথে নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান।এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়গামী দ্রুতগতির বিআরটিসির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে।