মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, মহাসচিব দীর্ঘদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছিলেন যে, সংশ্লিষ্ট পক্ষগুলো যদি আলোচনায় না ফেরে, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সাম্প্রতিক পরিস্থিতি সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিচ্ছে বলে মনে হচ্ছে।ফারহান হক বলেন, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই ইতিবাচক নয়। জাতিসংঘ মহাসচিব চান, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং পাকিস্তান, কাতারসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগে পুনরায় যুক্ত হয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাক।মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বিস্তৃত আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে—এমন আশঙ্কার মধ্যেই জাতিসংঘের পক্ষ থেকে শান্তি ও সংলাপের ওপর জোর দেওয়া হলো।সূত্র: আল জাজিরা।