নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহাসিক চাঁদ খোসালের মসজিদের দানবাক্স থেকে ছয় মাসে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়।মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মজনুর রহমান জানান, দানবাক্সে নগদ পাওয়া গেছে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা। এছাড়া দান হিসেবে পাওয়া হাঁস-মুরগি, কবুতর, ছাগলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা।তিনি আরও জানান, প্রতি ছয় মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লি ও দর্শনার্থীরা ঐতিহাসিক এই মসজিদে দান করে থাকেন। পাশাপাশি মসজিদের ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আরিফুর রহমান বলেন, দানবাক্স থেকে পাওয়া সব অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হবে। পরবর্তীতে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় বিভিন্ন কাজে এ অর্থ ব্যয় করা হবে।