আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, "যে যত বড় নেতাই হোক না কেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের দৃষ্টিতে সবাই সমান।"শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটইবাজারে ফুলহরি ও দুধসর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সততা, জবাবদিহি ও জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।এর আগে সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "তিনি নিজেই বলেছেন দেশে ফিরবেন। তিনি দেশে এলে আদালতের মুখোমুখি হবেন। সরকার আইনের বাইরে কোনো পদক্ষেপ নেবে না; আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"আইন সংস্কার প্রসঙ্গে তিনি জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। অবশিষ্ট সংস্কারগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।