লন্ডনে অবস্থানরত বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিমকে ঘিরে একদল প্রবাসী বিক্ষোভকারীর মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার পশ্চিম লন্ডনের এলিং (Ealing) এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাকে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন। পরে তিনি সেখান থেকে চলে যান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাংলাদেশ থেকে দেশত্যাগের পর শ ম রেজাউল করিম ভারত হয়ে যুক্তরাজ্যে যান। বুধবার পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁয় তার অবস্থানের খবর পেয়ে ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত হন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপস্থিত ব্যক্তিরা তাকে গুম, হত্যা, দুর্নীতি এবং রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। তবে ভিডিওতে শ ম রেজাউল করিমকে এসব প্রশ্নের কোনো জবাব দিতে দেখা যায়নি। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যান।এ ঘটনায় উপস্থিত ছাত্রদল-সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, শেখ হাসিনার সরকারের সময় সংঘটিত বিভিন্ন ঘটনা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে তারা শ ম রেজাউল করিমের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তাদের ভাষ্য, তিনি কোনো উত্তর না দিয়ে স্থান ত্যাগ করেন।এদিকে একই এলাকায় এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও অনুরূপ একটি ঘটনার দাবি করেন সংশ্লিষ্টরা। তাদের বক্তব্য অনুযায়ী, সে সময়ও তিনি বিক্ষোভকারীদের উপস্থিতির পর দ্রুত স্থান ত্যাগ করেছিলেন।উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে শ ম রেজাউল করিম বা হাছান মাহমুদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।