জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি: উদ্ধার ১, নিখোঁজ ৩; চলছে উদ্ধার অভিযান
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১ আগস্ট ২০২৬, সকাল ৬:৪৫ সময়
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার পশ্চিম ভবানীপুর সংলগ্ন মইয়ার হাওরের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।নিখোঁজ ব্যক্তিরা হলেন—জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩০), একই গ্রামের মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্রনাথ (সতীনাথ) (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)। এ ছাড়া অরুণ দেবনাথ (৪০) নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ জুলাই রাতে পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন ব্যক্তি পাশের ভরাউট গ্রামে আয়োজিত একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ৩টার দিকে দুটি নৌকায় করে তারা নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।পথিমধ্যে মইয়ার হাওরের বালুচর এলাকায় পৌঁছালে একটি নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকাটিতে থাকা নয়জন যাত্রীর মধ্যে পাঁচজন সাঁতরে নিরাপদে ভবানীপুর সড়কে উঠে প্রাণে রক্ষা পান। অপর চারজন পানিতে তলিয়ে যান। পরে তাদের মধ্যে অরুণ দেবনাথকে জীবিত উদ্ধার করা হলেও বাকি তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।