অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনি গ্রাম তাল ও সারা দিয়ে ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দল মিছিল করেছে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত এ মিছিলের সময় তাদের নিরাপত্তায় ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ইসরাইলি সেনাদের কঠোর নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির অভ্যন্তরীণ সড়ক দিয়ে উসকানিমূলকভাবে মিছিল করেন। এ সময় তাল গ্রামের একটি কবরস্থানে ভাঙচুর চালিয়ে মৃত ফিলিস্তিনিদের স্মৃতিফলক ও পাথরের নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ উঠেছে।গ্রামবাসীদের দাবি, বসতি স্থাপনকারীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরাইলি সেনারা।স্থানীয় মানবাধিকারকর্মীরা বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান তৎপরতা ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এদিকে, ফিলিস্তিনিদের একটি ১২০ বছর পুরোনো ঐতিহাসিক বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রায় চার দশক আগেই নির্মিত হয়েছিল বাড়িটি। ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন মুছে ফেলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এ স্থাপনা ধ্বংস করা হয়েছে। এজে প্লাসও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।অন্যদিকে, গাজাভিত্তিক ফিলিস্তিনি রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হামাস 'গাজা বোর্ড অব পিস' নামে একটি শান্তি পরিকল্পনার আওতায় অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে একটি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা শহরের সাবরা এলাকায় পৃথক একটি ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার আল-মুঘাইয়্যির গ্রামে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে ১০ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়।ওয়াফার আরেক প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে খাওয়ার্তা তল্লাশি চৌকির কাছে এক ফিলিস্তিনি ব্যক্তিকে ইসরাইলি বাহিনী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে।নাবলুসে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকেন্দ্রের পরিচালক আমজাদ আহমেদ জানান, ইসরাইলি বাহিনীর হামলায় আহত ২২ বছর বয়সী এক যুবককে তাদের উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে।উল্লেখ্য, গত সপ্তাহে নাবলুসের টেল গ্রামে বসতি স্থাপনকারীদের এক হামলায় চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন। ওই ঘটনার পর থেকে এলাকায় প্রায় প্রতিদিনই অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায়ও বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।