জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখা।শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় শহরের স্থানীয় ইনস্টিটিউট মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ফুলবাড়ী উপজেলা জামায়াত নেতা আনোয়ার হোসেন এবং ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতারা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সম্পদ পাচার ও অনিয়ম-দুর্নীতির সুযোগ কমে আসবে। তাদের দাবি, এ কারণেই সরকার জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহ দেখাচ্ছে না।তারা আরও বলেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়, স্বাধীন গুম কমিশন গঠনের পক্ষে নয় এবং নির্যাতনের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, তারাই গণভোটের রায় বাস্তবায়নের বিরোধিতা করছে। তাই দ্রুত গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নের আহ্বান জানান তারা।বক্তাদের ভাষ্য, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে মতামত দিয়েছেন। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তা কার্যকর হয়নি। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জামায়াত ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।