রাজধানীর যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা সংরক্ষণ এবং স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়।সভায় পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীতীরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীর পাড়ে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন তিনি।সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।