স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্ট মাসজুড়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেশবাসীকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।তিনি বলেন, শনিবার মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক বস্তাটি পরীক্ষা করে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত হয়েছে যে, সেখানে কোনো বিস্ফোরক ছিল না। তবে এ ধরনের প্রতিটি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “পুলিশ বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। বম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোথাও কোনো নাশকতা বা বিস্ফোরণসংক্রান্ত পরিকল্পনার তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।”এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়। এক জরুরি বার্তায় জানানো হয়, পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কায় মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।