কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ, রাজনৈতিক প্রভাবমুক্ত আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং স্বচ্ছ ও নীতিনির্ভর আসন বরাদ্দের দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।শনিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানানো হয়। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির, সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিজয়-২৪ হলে নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থী আবাসনের অভিযোগ এবং এর আগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে সিট বাণিজ্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আবাসিক হল ব্যবস্থাপনার স্বচ্ছতা, সমতা ও ন্যায়ভিত্তিক পরিবেশ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।ছাত্রশিবিরের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— মেধা, দূরত্ব, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য যৌক্তিক মানদণ্ডের ভিত্তিতে স্বচ্ছ আসন বরাদ্দ নীতিমালা প্রণয়ন; আবাসিক হলকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা; গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; নবীন শিক্ষার্থীদের জন্য র্যাগিংমুক্ত ও নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করা; এবং হল-সংক্রান্ত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, আবাসিক হলে শিক্ষার্থী ওঠানোর একক কর্তৃত্ব হল প্রশাসনের হাতে থাকতে হবে। একই সঙ্গে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ, ছাত্রত্ব শেষ হওয়া ব্যক্তিদের হল ত্যাগ নিশ্চিত এবং নতুন শিক্ষার্থীদের ন্যায্যতার ভিত্তিতে আসন বরাদ্দের দাবি জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি প্রভোস্ট কমিটির সভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, শিক্ষার্থীরা আবাসিক হলের সিট বরাদ্দের নীতিমালাসহ কয়েকটি দাবি উত্থাপন করেছে। বিষয়টি প্রভোস্ট কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।স্মারকলিপিতে ছাত্রশিবির নেতারা বলেন, প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা উপাচার্যের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, কয়েকদিন আগে বিজয়-২৪ হলে হল প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই ছাত্রদলের দুই নেতার মাধ্যমে দুটি কক্ষে ২৪ জন শিক্ষার্থীকে আবাসনের অভিযোগ ওঠে। ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষাপটে আবাসিক হল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এই স্মারকলিপি প্রদান করে।