যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে, বর্তমানে ওয়াশিংটন অঙ্গরাজ্যে অন্তত ১২টি বড় দাবানল সক্রিয় রয়েছে। এসব আগুনে ইতোমধ্যে ৮০ হাজার ৯০০ হেক্টরের বেশি ভূমি পুড়ে গেছে। টানা চার বছরের খরায় বনাঞ্চল ও উন্মুক্ত এলাকা অত্যন্ত শুষ্ক হয়ে পড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এটিকে রাজ্যটির ইতিহাসের দীর্ঘতম খরাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন বলেন, দীর্ঘস্থায়ী খরার সঙ্গে প্রবল দমকা বাতাস যুক্ত হওয়ায় দাবানলের ভয়াবহতা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানো এবং কৃষিকাজে আগুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।কর্তৃপক্ষের আশঙ্কা, আগস্ট মাসের শুরুতেই ২০২৬ সাল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুমগুলোর একটি হিসেবে চিহ্নিত হওয়ার পথে রয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেলে আগুন স্পোকেন নদী অতিক্রম করে শহরের মূল অংশে প্রবেশ করে। এরপর শহরের বিস্তীর্ণ এলাকাকে সর্বোচ্চ সতর্কতার আওতায় এনে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।বিশেষ করে শহরতলির বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির ঝুঁকিতে রয়েছেন। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বা ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের জন্য প্রশাসনের উদ্যোগে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমানা কানাডা পর্যন্ত বিস্তৃত। এরই মধ্যে প্রতিবেশী কানাডাও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। গত জুলাই মাসে দেশটিতে প্রায় ৩০ লাখ হেক্টর এলাকা আগুনে পুড়ে যায়, যার আয়তন প্রায় পুরো বেলজিয়ামের সমান।সূত্র: আনাদোলু এজেন্সি