নেত্রকোনার মদন উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপনাগুলোর দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র নষ্ট হচ্ছে। আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় কেন্দ্র দুটি এখনো ব্যবহারের বাইরে রয়েছে।জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে দুটি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গোবিন্দশ্রী বড্ডা এলাকায় ২ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৮৩৪ টাকা এবং একই ইউনিয়নের মণিকা গ্রামের সামনে ২ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা ব্যয়ে কেন্দ্র দুটি নির্মাণ করা হয়।সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আশ্রয়কেন্দ্র দুটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের মতে, এলাকায় গুচ্ছগ্রাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা থাকায় নতুন করে এসব স্থাপনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে।নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের প্রতিনিধি আবু হানিফ জানান, গোবিন্দশ্রী বড্ডা আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ প্রায় দুই বছর আগে শেষ হয়েছে। তবে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রটি বুঝে নেয়নি।গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন বলেন, বড্ডা আশ্রয়কেন্দ্রে মাদকসেবন ও জুয়া খেলার অভিযোগ শুনেছেন। কেন্দ্র দুটি ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হলে নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া সম্ভব হতো।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবির জানান, একই ইউনিয়নে দুটি আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে। এর মধ্যে মণিকা কেন্দ্রটির কাজ শেষ হলেও বড্ডা কেন্দ্রটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এ কারণে কোনো কেন্দ্রই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রহুল আমিন বলেন, আশ্রয়কেন্দ্র দুটি দেখভালের দায়িত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও কার্যালয়ের। কেন্দ্রগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত নন।