ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা এলাকায় দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আদালত দণ্ডপ্রাপ্তদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের অর্থ ভুক্তভোগী পরিবারকে পরিশোধের নির্দেশও দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ)।দণ্ডপ্রাপ্তরা হলেন—রাহুল, মো. ডায়মন্ড, আফসার উদ্দিন অনিম, পারভেজ হক পলাশ, মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু।মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৫ জুন বিকেলে দুই তরুণী তাদের কয়েকজন বন্ধুর সঙ্গে এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে বের হন। রাত পৌনে ১০টার দিকে কেরাণীগঞ্জের পানকৌড়ি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে তারা শুভাঢ্যা এলাকায় বাসায় ফেরার জন্য অটোরিকশার অপেক্ষা করছিলেন।এ সময় একটি অটোরিকশা নিয়ে আসামিরা তাদের পথরোধ করে। পরে তরুণীদের বন্ধুদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুই তরুণীকে রতনের খামার এলাকার একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের ভিডিওও ধারণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।ঘটনার পর তরুণীদের বন্ধুরা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ২৯ জুন এক ভুক্তভোগীর বাবা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।তদন্ত শেষে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরজিৎ কুমার ঘোষ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন। বিচার চলাকালে ট্রাইব্যুনালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।