জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ইউজিসি চেয়ারম্যানের এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার পর তাকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।জকসু সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার উন্নয়নসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের উদ্যোগ নেন জকসুর প্রতিনিধিরা। ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এসব দাবি তুলে ধরাই ছিল তাদের উদ্দেশ্য।তবে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং হামলা চালানো হয় বলে অভিযোগ করেন জকসুর প্রতিনিধিরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলাম ও অন্য প্রতিনিধিরা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়ার দৃশ্য ভিডিওতে দেখা যায়।ভিডিওতে আরও শোনা যায়, মেহেদী হাসান হিমেলকে বলতে, “এই দরজা বন্ধ কর, দ্রুত গেট আটকে দাও।” এরপর মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।