ঢাকা কলেজে ছাত্রদলের হামলার অভিযোগ, গুরুতর আহত শিবির নেতা হাসপাতালে
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সহকর্মীরা।মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি-২–এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালান এবং আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন।তিনি আরও দাবি করেন, হামলার সময় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত করা হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, সকাল থেকে কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষের কোনো তথ্য তার কাছে পৌঁছেনি। তবে ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের অভিযোগ পাওয়া গেছে বলেও তিনি জানান।ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।