ডিবি পরিচয়ে কিশোর অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক গাড়িচালক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, দুপুর ২:১৯ সময়
সিলেটে ডিবি (গোয়েন্দা) পুলিশের পরিচয় দিয়ে এক কিশোরকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একটি প্রাইভেটকারের চালককে আটক করে গণপিটুনি দেয়। তবে অভিযুক্ত দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরীর জালালাবাদ এলাকার জামেয়া ইসলামীয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সুরমা আবাসিক এলাকার ‘রিফাত অ্যান্ড কোং’ দোকানের সামনে থেকে ইমরান হোসেন (১৯) নামে এক কিশোরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেয় কয়েকজন ব্যক্তি।পরে প্রাইভেটকারটি সুবিদবাজারের দিকে যাওয়ার সময় ইমরানের চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি টের পান। একপর্যায়ে মদিনা মার্কেট এলাকায় স্থানীয়রা গাড়িটির গতিরোধ করলে দুই অভিযুক্ত পালিয়ে যায়। তবে গাড়িচালক সামাদকে আটক করে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় এবং প্রাইভেটকারটি ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালক সামাদ ও ইমরান হোসেনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণব রায় জানান, প্রাথমিকভাবে ইমরানের শরীরে মারধরের আলামত পাওয়া গেছে। অন্যদিকে, চালক সামাদ গণপিটুনিতে আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।