কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের দুই সপ্তাহ পার হলেও এখনো সন্ধান মেলেনি মাদরাসাছাত্র মোহাম্মদ আরাফাতের (১৩)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবার। ছেলে ফিরে আসবে—এই আশায় প্রহর গুনছেন বাবা আলী হায়দার, মা সুলতানা আক্তার সীমু ও স্বজনরা।নিখোঁজ আরাফাত চৌদ্দগ্রাম পৌরসভার চাঁন্দিশকরা গ্রামের বাসিন্দা আলী হায়দারের ছেলে। তিনি মাহিনী মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকালে আরাফাত মাদরাসা থেকে বাড়িতে এসে পোশাক পরিবর্তন করে খেলতে যাওয়ার কথা বলে বের হয়। তবে খেলতে না গিয়ে সে বসন্তপুর গ্রামে তার নানার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে, তার নানি চিকিৎসার জন্য চৌদ্দগ্রামে অবস্থান করছেন। পরে সে ফেনীতে গিয়ে তার এক সাবেক শিক্ষকের সঙ্গে দেখা করে বাড়ির উদ্দেশে রওনা দেয়।পরিবার জানায়, আরাফাতের নানার বাড়ি ও ফেনীতে যাওয়ার বিষয়টি তারা আগে থেকে জানতেন না। ২৩ জুলাই রাত পর্যন্ত সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার চলাচলের বিষয়টি জানতে পারলেও এরপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি আরাফাতের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭৭৭৭৮৭৮২৩ ও ০১৬১০১৩৪৭৮২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “মাদরাসাছাত্র নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”