বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। একই সঙ্গে গণভোটের বিষয়েও সরকারের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী আচরণের’ অভিযোগ তুলে তিনি সতর্ক করে বলেন, সরকার যদি স্বৈরাচারী মনোভাব থেকে সরে না আসে, তবে দেশে আবারও ‘আরেকটি জুলাই’ সৃষ্টি হতে পারে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি সরকারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি দাবি করেন, এখনো অনেক জুলাইযোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে গুরুতর শারীরিক কষ্টে দিন কাটালেও সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে না।তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনো একক নেতৃত্ব ছিল না। দিনমজুর থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনের অংশীদার ছিলেন। তাই জুলাইয়ের যোদ্ধারা জাতির সম্পদ এবং তাদের নিয়ে রাজনৈতিক বিভাজন বা খেলা বন্ধ করতে হবে।জামায়াত আমির শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান।সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতির সামনে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেসব প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না। জনগণের প্রত্যাশাগুলো কোথায় হারিয়ে গেল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর জবাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার এ বিষয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে এবং বিষয়টি সংসদেও স্বীকার করা হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি তিনি বিএনপির উদ্দেশে বলেন, এ অবস্থায় জনগণের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায়কে সম্মান জানাতে হবে। সরকার ফ্যাসিবাদী আচরণ পরিহার করলে জনগণই তাদের স্বাগত জানাবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেবে না।