শ্রীপুরে জুলাই আন্দোলনে নিহত ফরহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, দুপুর ১০:৫৭ সময়
জুলাই আন্দোলনে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেপ্তার হওয়া মুসফিকুর রহমান মিল্টন উপজেলার সব্দালপুর ইউনিয়নের মকর্দ্দোমখোলা গ্রামের মৃত সিদ্দিক মোল্লার ছেলে।পুলিশ জানায়, সোমবার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাগুরা শহরের পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২)। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মুসফিকুর রহমান মিল্টন এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি।মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ফরহাদ হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুসফিকুর রহমান মিল্টনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।