হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যের পর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, আগুন
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬, দুপুর ৪:২৮ সময়
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে সাকিব আল হাসান অংশ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ একদল লোক কয়েকটি মোটরসাইকেলে করে তার বাড়ির সামনে আসে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। পরে বাড়ির স্টিলের গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি।উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। এছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম রয়েছে।