আগস্টের প্রথম ৫ দিনে দেশে এলো ৬০২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স
মো. জাকির হোসাইন, স্টাফ রিপোর্টার||
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, সকাল ৮:২৫ সময়
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসের ধারাবাহিকতায় আগস্টের প্রথম পাঁচ দিনেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময় দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ৬০২ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৩ দশমিক ৭ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু ৪ ও ৫ আগস্ট—এই দুই দিনেই প্রবাসীরা দেশে ১৯৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ৪৬১ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ৮০৬ বিলিয়ন মার্কিন ডলার।এ হিসাবে ২০২৬-২৭ অর্থবছরের ৫ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ২৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুদৃঢ় হওয়ার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।