চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি জমিতে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।পুলিশ জানায়, অভিযানের সময় চুরি করা ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি প্রাইভেট কার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মুন্সিগঞ্জ জেলার চাষিরি থানার মৃত আনোয়ারের ছেলে আব্দুল মালেক (৪৫), চুয়াডাঙ্গার ফার্মপাড়ার জাহিদ শেখের ছেলে শিপলু (২৮), বগুড়া জেলার কাহালু থানার কাশেম খাঁর ছেলে টুলু (৪৪), চুয়াডাঙ্গা সদরের গাড়াবাড়িয়া এলাকার মৃত মজিবরের ছেলে স্বপন উদ্দিন (৩৭), মিজানুরের ছেলে সবুজ শেখ (৩৭) এবং আব্দুল গফুরের ছেলে জাফর আহমেদ (৩৪)।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারের যন্ত্রাংশ এবং অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।