বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই জোটের কার্যক্রম পরিচালনায় তিনি নেতৃত্ব দেবেন। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়, অন্যান্য সামুদ্রিক জোটের সঙ্গে সহযোগিতা এবং জোটের সনদ অনুযায়ী বিভিন্ন মিশনের তত্ত্বাবধান করবেন।গত ৩০ জুলাই বাংলাদেশ, সৌদি আরব, বাহরাইন, কমোরোস, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন—এই ১৪টি দেশ যৌথভাবে জোট গঠনের ঘোষণা দেয়।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি ‘উন্মুক্ত আন্তর্জাতিক জোট’। জোটের লক্ষ্য ও নীতিমালার সঙ্গে একমত এমন সব দেশ এতে যোগ দিতে পারবে। ইতোমধ্যে কয়েকটি দেশ যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে এবং আরও কয়েকটি দেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদানের প্রস্তুতি নিচ্ছে।আগামী ১২ ও ১৩ আগস্ট জোটের একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করা হবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।জোটভুক্ত দেশগুলোর ভাষ্য অনুযায়ী, বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্যপথ ও জ্বালানি সরবরাহের রুট নিরাপদ রাখা এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই এ জোটের মূল উদ্দেশ্য। ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সামুদ্রিক করিডর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।সূত্র: আল জাজিরা।