বগুড়া ও সিলেটের সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনায় জামায়াত আমিরের গভীর শোক
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬, দুপুর ১২:২০ সময়
বগুড়া ও সিলেটের ওসমানীনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির।শুক্রবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বাস কাজের সন্ধানে সড়কের পাশে অপেক্ষমাণ শ্রমজীবী মানুষের ওপর উঠে গেলে ৭ জন নিহত হন। একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আরও ৮ জনের প্রাণহানি ঘটে। দুটি দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন।শোকবার্তায় তিনি বলেন, অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল অবস্থা এবং কার্যকর তদারকির অভাবে দেশে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতিবছর এসব দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেক পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম দুর্ভোগে পড়ছে।তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।জামায়াতের সেক্রেটারি জেনারেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদানের দাবি জানান।