বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কেউ গালি দিলে তার প্রতিবাদ করা যাবে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে।শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের ফাঁদে পা না দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের সুযোগ থাকতে হবে। তবে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা কিংবা সহিংসতায় জড়ানো যাবে না। সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের মধ্য দিয়েই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যেসব বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন, তার দায় ভারত এড়াতে পারে না।ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে তা পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না।