দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে শনিবার দিবাগত রাতে দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায়। এ সময়ে নেত্রকোণায় ৫৫ মিলিমিটার, টেকনাফে ৩৭, বরিশালে ৩৬, চট্টগ্রামে ২৭, কুষ্টিয়ার কুমারখালীতে ২৬ এবং কুমিল্লায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।এদিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।