বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে শনিবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। এতে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশফাক আহমেদ জুন, রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ স্থানীয় নেতারা।সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, ‘বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, বিএনপি কখনো অতীতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি। আন্দোলন-সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। জনগণের ভোটে তাদের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে এসেছি।’তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে আবার ফিরে যাব। আমরা যদি ব্যর্থ হই, জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কাকে ভোট দেবে আর কাকে দেবে না। তাই আপনারা দেখুন, আমরা কী করতে পারি আর কী করতে পারি না।’বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, অযথা বিভ্রান্তি ছড়িয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন কিংবা স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কোনো লাভ হবে না।সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বসে নেই। কোনো ঘটনা না ঘটলেও সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। আর সময় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে, এই সরকারকে ফেলে দিতে হবে—এ ধরনের অরাজনৈতিক ও বিভ্রান্তিমূলক কথাবার্তার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’শরিফুল আলম আরও বলেন, একটি সরকার অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আসে। সবাই মিলে আন্দোলন-সংগ্রাম করেছেন। যারা এখন বিভিন্ন কথা বলছেন, তারাও এই সংগ্রামে ছিলেন। সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার।তিনি বলেন, শুধু অন্যের এজেন্ডা ও মিডিয়া ট্রায়ালের জন্য বক্তব্য না দিয়ে বাস্তবসম্মত কথা বলা উচিত। কোনো বিষয়ে সমস্যা থাকলে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অযথা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বা এখনই ছুড়ে ফেলে দেওয়ার মতো বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না।প্রতিমন্ত্রী আবারও বলেন, ‘বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।’