ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরে দীর্ঘদিনেও স্থায়ী বাস টার্মিনাল গড়ে না ওঠায় প্রধান সড়কই পরিণত হয়েছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার অস্থায়ী স্টেশনে। সড়কের ওপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ।উপজেলা পরিষদ থেকে ভালুকজান ব্রিজ পর্যন্ত প্রায় ৫০০ মিটার গুরুত্বপূর্ণ প্রধান সড়কের বিভিন্ন অংশে রয়েছে বাস টার্মিনাল ও সিএনজিচালিত অটোরিকশার স্টেশন। এসব স্টেশন সড়কের ওপর হওয়ায় ব্যস্ততম এই সড়কে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।স্থানীয়রা জানান, আলম এশিয়াসহ বিভিন্ন পরিবহনের ছোট-বড় শত শত গাড়ি প্রতিনিয়ত সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এতে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। কখনো কখনো ঘটে দুর্ঘটনাও।ঢাকা থেকে ফুলবাড়ীয়াগামী যাত্রীবাহী বাসগুলো উপজেলা সদরে এসে সড়কের ওপরই যাত্রী নামিয়ে দেয়। যাত্রী নামানোর পর অনেক বাস সড়কের ওপরই পার্ক করে রাখা হয়। এমনকি সেখানে গাড়ি ধোয়া-মোছার কাজও করা হয়।সংশ্লিষ্টদের তথ্যমতে, শুধু আলম এশিয়া পরিবহনেরই প্রায় ১১০টি বাস রয়েছে। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ১৯৬৮ ও ১৯৭২ সালে দুই দফায় লোকাল বাসস্টেশনের জন্য মেইন রোডের পাশে ১৩ শতাংশ জমি কিনেছিল। বর্তমানে ওই জমির বড় একটি অংশ বেদখলে রয়েছে বলে জানা গেছে।আন্তজেলা বাস সার্ভিস পরিচালনার জন্য আলম এশিয়া পরিবহন লোকাল বাসস্টেশনের পাশে ১৫ শতাংশ জমি ভাড়া নিয়েছে। তবে ওই জায়গায় সর্বোচ্চ আটটি বাস রাখা সম্ভব। ফলে বাকি বাসগুলো সড়কের ওপর রাখতে হচ্ছে।পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি, নির্ধারিত জায়গা না থাকায় বাধ্য হয়েই সড়কে গাড়ি রাখতে হচ্ছে। টার্মিনালের জন্য পর্যাপ্ত জায়গা দেওয়া হলে তারা সড়ক থেকে বাস সরিয়ে নেবেন।উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়ীয়া কলেজ পর্যন্ত বিভিন্ন স্থানে আলম এশিয়ার বাস পার্ক করে রাখার অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীসহ পথচারী ও অন্যান্য যানবাহনের যাত্রীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।স্থানীয় সচেতন মহল দীর্ঘদিন ধরে প্রধান সড়কে বাস ও অন্যান্য যানবাহন পার্কিং বন্ধ করে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের দাবি জানিয়ে আসছে। তাদের অভিযোগ, প্রশাসনের সামনেই দিনের পর দিন সড়কের ওপর গাড়ি পার্ক করে রাখা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ফুলবাড়ীয়া পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল শিকদার বলেন, বাস টার্মিনাল না হওয়ার পেছনে পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বও অনেকটা দায়ী। গাড়ি রাখার নির্ধারিত জায়গা না থাকায় প্রধান সড়কে বাস রাখতে হচ্ছে।পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার বলেন, সড়কে যানবাহন পার্ক করে রাখায় জনদুর্ভোগের বিষয়টি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার তুলে ধরা হয়েছে। পৌর বাস টার্মিনাল করার পরিকল্পনা দীর্ঘদিনের। তবে আর্থিক সংকট ও প্রয়োজনীয় জমি না পাওয়ায় এখনো তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।আলম এশিয়া পরিবহনের চেয়ারম্যান শাজাহান বলেন, বাস টার্মিনাল না থাকায় যাত্রী ও পরিবহন মালিক—উভয় পক্ষই সমস্যায় রয়েছে। একই সঙ্গে এলাকাবাসীকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে পৌরসভা সমস্যাটির সমাধান করতে পারছে না। এ বিষয়ে তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত একটি স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি টার্মিনাল নির্মাণ না হওয়া পর্যন্ত প্রধান সড়কে যত্রতত্র বাস ও অন্যান্য যানবাহন পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।